স্বপ্নের শ্রেণিকক্ষে প্রথম আলোর দিন

Home / Events / স্বপ্নের শ্রেণিকক্ষে প্রথম আলোর দিন

স্বপ্নের শ্রেণিকক্ষে প্রথম আলোর দিন

আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!

আজ ২৭ মার্চ, ২০২৬—একটি দিন, যা শুধু একটি তারিখ নয়, বরং এক দীর্ঘ প্রতীক্ষার পূর্ণতা, এক অদম্য স্বপ্নের দীপ্ত বাস্তবায়ন।সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে আজ নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রমের যাত্রা শুরু হলো। এই যাত্রাপথ ছিল না মসৃণ, ছিল না সহজ কোনো গল্পের মতো। সীমিত সামর্থ্য, অপ্রতুল সহায়তা—তবুও থেমে থাকেনি আমাদের অগ্রযাত্রা। সরকারের তেমন কোনো আর্থিক সহযোগিতা ছাড়াই আমরা গড়ে তুলেছি আধুনিক মাল্টিমিডিয়া প্রজেক্টরসমৃদ্ধ শ্রেণিকক্ষ, ডিজিটাল স্মার্টবোর্ডে আলোকিত জ্ঞানচর্চার পরিবেশ।

প্রতিটি ইটের ভেতর লুকিয়ে আছে পরিশ্রম, প্রতিটি শ্রেণিকক্ষের দেয়ালে লেগে আছে স্বপ্নের ছাপ।
ফ্রি ওয়াইফাই সংযুক্ত ক্যাম্পাস, সর্বাধুনিক কম্পিউটার ল্যাব, লেটেস্ট সংস্করণের সহস্রাধিক বই নিয়ে গড়ে ওঠা আধুনিক লাইব্রেরি—এসব কেবল স্থাপনা নয়, এগুলো ভবিষ্যৎ নির্মাণের কারখানা। সুসজ্জিত রিডিংরুমে জ্বলবে আগামী দিনের চিন্তার প্রদীপ। এই মহৎ প্রয়াসে নওগাঁবাসীর সকল শ্রেণিপেশার মানুষের আন্তরিক সহযোগিতা ছিল আমাদের সবচেয়ে বড় শক্তি। তাঁদের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা—কারণ এই বিশ্ববিদ্যালয় শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি সম্মিলিত স্বপ্নের নাম।

একজন শিক্ষক হিসেবে আজকের দিনটি আমার জীবনের শ্রেষ্ঠ অর্জনের দিন। ২০২৪ সালের ৭ অক্টোবর উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর যে স্বপ্নটি প্রতিনিয়ত আমাকে আলো দেখিয়েছে, তা ছিল—“নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রাণ ফিরে আসবে, শিক্ষক ও শিক্ষার্থীর মিথস্ক্রিয়ায় তৈরি হবে দক্ষ, মানবিক ও চিন্তাশীল এক নতুন প্রজন্ম।”

আজ সেই স্বপ্নের প্রথম অধ্যায় রচিত হলো। সি ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে হিসাববিজ্ঞান বিভাগে ৪০ জন শিক্ষার্থীর পথচলা শুরু হচ্ছে। এ বছরই আইন বিভাগে শিক্ষার্থী হিসেবে যাত্রা শুরু করবে আরো ৪০ জন।

এই ৮০টি প্রাণ যেন ৮০টি প্রদীপ—যাদের আলো একদিন ছড়িয়ে পড়বে সমগ্র জাতির অগ্রযাত্রায়।
আজকের এই সূচনা শুধু একটি একাডেমিক কার্যক্রমের শুরু নয়—এটি নওগাঁবাসীর দীর্ঘদিনের স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়ন। এটি ইতিহাসের নতুন পৃষ্ঠা উল্টানোর মুহূর্ত। এবং সেই ইতিহাসের ক্ষুদ্র এক অংশ হতে পারা—আমার জীবনের এক অনন্য গৌরব।

এই পথচলায় সার্বিক সহযোগিতা ও প্রেরণার জন্য আমি কৃতজ্ঞতা জানাই—সরকার, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্যবৃন্দ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রতি। যাদের দিনরাতের অক্লান্ত পরিশ্রেমের ফসল হলো আজকের এই শুভক্ষণ তারা হলো বিশ্ববিদ্যায়ে কর্মরত আমার প্রতিটি সহকর্মী৷ আমি তাদের কাছে ঋনি।

আজকের এই সূচনা হোক এক নতুন আলোর দিগন্ত—যেখানে জ্ঞান হবে মুক্ত, চিন্তা হবে সাহসী, আর নওগাঁ বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে আগামী বাংলাদেশের।

প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী
উপাচার্য
নওগাঁ বিশ্ববিদ্যালয়